সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৭:১৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 14
সিলেট নগরের শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজ বাসার সামনে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ব্যবসায়ীর নাম শাহাব উদ্দিন (৬৫)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে তিনি শাহপরান এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহাব উদ্দিন দুই ছেলে ও দুই মেয়ের বাবা। তার এক ছেলে ফ্রান্সে বসবাস করছেন।
নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ জানান, রাতের কোনো এক সময়ে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে তিনি খবর পান, কয়েকজন ব্যক্তি তার বাবাকে আটকে রেখেছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার ঘাড়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল।
স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে শাহপরান (রহ.) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শাহাব উদ্দিনের সঙ্গে কারও কোনো বিরোধ বা শত্রুতা ছিল বলে তাদের জানা নেই। তার স্ত্রীও জানিয়েছেন, কারও সঙ্গে তার কোনো বিরোধের তথ্য তিনি জানেন না।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের অগ্রগতির পর বিস্তারিত জানানো হবে।”
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মনজুর আহমদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করবেন। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।
উল্লেখ্য, এর আগে গত ১২ আগস্ট সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় নিজ বাসায় এক ব্যবসায়ী, তার স্ত্রী ও গৃহপরিচারিকাকে হত্যা করা হয়।
























