সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেটে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৩৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 245
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেটে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) কলেজের অডিটোরিয়ামে এ মাহফিলের আয়োজন করা হয়।
অধ্যক্ষ প্রফেসর ফৌজিয়া আজিজের সভাপতিত্বে এবং বার্ষিক মিলাদ মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ শামীম খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ, সিলেটের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ। বিশেষ আলোচক ছিলেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ মুজিবুর রহমান।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, মানবিকতা, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ফৌজিয়া আজিজ, প্রফেসর মোছাঃ নীলুফার খানম, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক রিজওয়ানা মতিনসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী-প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
মাহফিলে নারী শিক্ষার্থী-প্রশিক্ষণার্থীদের জন্য পৃথক পর্দার ব্যবস্থা করা হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নারী বিজয়ীদের হাতে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকরা এবং পুরুষ বিজয়ীদের হাতে প্রধান আলোচক ও উপস্থিত শিক্ষকরা পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আলোচকদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শেষে দেশ, জাতি, প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, পিতা-মাতা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং মহানবী (সা.)-এর আদর্শ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ বার্ষিক আয়োজন করা হয়েছে।




















