নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ ও স্থায়ী প্রদর্শনী ব্যবস্থা করার উদ্যোগ
- আপডেট সময় : ০৮:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 43
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই বিপুল জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে নারী উদ্যোক্তাদের সহযোগিতায় সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সিলেটেও নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নগর ভবনে সিলেটের নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এসএমই ফাউন্ডেশন ও বিসিকের মাধ্যমে নারী উদ্যোক্তারা যাতে সহজে জামানতবিহীন ঋণ পেতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের ব্যবসা সম্প্রসারণে সিটি করপোরেশনের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে।
সিলেটের নারী উদ্যোক্তাদের প্রশংসা করে তিনি বলেন, নগরীতে অনেক নারী উদ্যোক্তা রয়েছেন, যাদের নিজস্ব নিবন্ধিত ব্যবসায়িক প্ল্যাটফর্ম না থাকলেও অনলাইনভিত্তিক ব্যবসার মাধ্যমে তারা স্বাবলম্বী হয়েছেন। একই সঙ্গে পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা।
তিনি আরও বলেন, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য একটি স্থায়ী ব্যবস্থা করা গেলে তারা আরও উৎসাহিত হবেন। এতে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ বাড়বে। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময়কালে নারী উদ্যোক্তারা জানান, সিলেটে এক ছাদের নিচে নিয়মিত মেলা ও পণ্য প্রদর্শনের জন্য নির্দিষ্ট ও স্থায়ী জায়গার সংকট রয়েছে। বড় পরিসরে পণ্য প্রদর্শনের ক্ষেত্রে প্রাথমিক মূলধনের সংকটও রয়েছে। বিশেষ করে ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ পেতে তাদের নানা আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হতে হয়।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আলেয়া ফেরদৌসী তুলি নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে ঋণপ্রাপ্তি সহজ করা এবং উৎপাদিত পণ্য প্রদর্শনের জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণে সিসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন।

























