মিফতাহ্ সিদ্দিকী সিলেট ওয়াসার চেয়ারম্যান
- আপডেট সময় : ০৯:০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 62
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (সিলেট ওয়াসা) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। তিন বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ৭(১) ধারা অনুযায়ী মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
সিলেট নগরে দীর্ঘদিন ধরে নিরাপদ ও সুপেয় পানির সংকট রয়েছে। নগরবাসীর অভিযোগ, পানি সরবরাহের পাশাপাশি পয়োনিষ্কাশন ব্যবস্থাপনাতেও নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান এবং নগরের পানি ও পয়োনিষ্কাশন সেবার মান উন্নয়নের লক্ষ্যেই ওয়াসার চেয়ারম্যান পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
সিলেট মহানগরে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) গঠিত হয় ২০২২ সালের ২ মার্চ। প্রতিষ্ঠার পর সরকার অধ্যাপক ডা. এ কে এম হাফিজকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক এবং নাক, কান ও গলা বিভাগের সাবেক প্রধান।
নতুন চেয়ারম্যান হিসেবে মিফতাহ্ সিদ্দিকীর সামনে এখন সিলেট নগরের নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা, পানি সরবরাহব্যবস্থার বিদ্যমান সংকট নিরসন এবং কার্যকর পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে।

























