কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
- আপডেট সময় : ১০:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 12
বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট-এর এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট সকাল ১১টায় প্রতিষ্ঠানের সুরমা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন, পিএসসি, চেয়ারম্যান, গভর্নিং বডি ও সেক্টর কমান্ডার, বিজিবি সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে এবং কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রশিদ আহমদ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সৌমী দাস পূজা ও আজিজুল ইসলাম সাবিত। পরে প্রধান অতিথি কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন পিএসসি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য কৃতি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও ভালো করার জন্য উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ স্কলারশিপ ঘোষণা করেন। তিনি জানান, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট-এর কলেজ শাখায় যারা ভর্তি হবে তাদের মধ্যে গোল্ডেন জিপিএ-৫ (সকল বিষয়ে এ+) প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সেশন চার্জে ৭৫ শতাংশ এবং মাসিক টিউশন ফিতে ৫০ শতাংশ স্কলারশিপ প্রদান করা হবে। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্যও একই সুবিধা প্রযোজ্য থাকবে। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে জিপিএ ৪.৫০ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ স্কলারশিপ প্রদান করা হবে।
প্রধান অতিথির এ ঘোষণা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। তারা আশা করেন, শিক্ষার্থীরা এই সুযোগ কাজে লাগিয়ে শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে ভবিষ্যতেও ভালো ফলাফল অর্জন করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দশম শ্রেণির শিক্ষার্থী মনীষা দেব।





















