ষাটমাকন্ঠ-এ প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যানের বক্তব্য
সুজানগর ইউনিয়ন পরিষদের সেবা জট নিরসনে কাজ চলছে: চেয়ারম্যান বদরুল ইসলাম
- আপডেট সময় : ০১:১৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 310
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৯ নম্বর সুজানগর ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম। তিনি বলেছেন, স্থায়ী সচিব না থাকায় বর্তমানে একজন অস্থায়ী সচিব দায়িত্ব পালন করছেন। এ কারণে কিছু প্রশাসনিক কার্যক্রমে সাময়িক স্থবিরতা তৈরি হলেও তা দ্রুত নিরসনে ইউনিয়ন পরিষদ আন্তরিকভাবে কাজ করছে।
চেয়ারম্যান বদরুল ইসলাম বলেন, “ইউনিয়নবাসীকে দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব সেবা প্রদানই আমাদের লক্ষ্য। স্থায়ী সচিবের অনুপস্থিতিতে একজন অস্থায়ী সচিব দিয়ে সব কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং সেবা কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি বলেন, নাগরিকদের কোনো ধরনের ভোগান্তি ইউনিয়ন পরিষদ কামনা করে না। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন সেবা দ্রুত নিষ্পত্তির জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জনবল সংকট কাটিয়ে উঠলেই সেবার গতি আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
চেয়ারম্যান আরও জানান, নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ ও সংস্কার, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে। সরকারের উন্নয়ন পরিকল্পনার আলোকে সুজানগর ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও সেবাবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ইউনিয়ন পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, “জনগণের আস্থা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ইউনিয়নবাসীর যেকোনো যৌক্তিক অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে আমরা বদ্ধপরিকর। খুব শিগগিরই বর্তমান সাময়িক সমস্যার সমাধান হবে এবং মানুষ কাঙ্ক্ষিত সেবা আরও দ্রুত পাবে বলে আমি বিশ্বাস করি।”
ইউনিয়নবাসীর প্রতি ধৈর্য ও সহযোগিতা কামনা করে চেয়ারম্যান বলেন, সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তায় জনবল সংকট নিরসন হলে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম আরও গতিশীল হবে।
উল্লেখ্য, সম্প্রতি ষাটমাকন্ঠ-এ প্রকাশিত এক প্রতিবেদনে সুজানগর ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন সংশোধনসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে দীর্ঘসূত্রতা ও ভোগান্তির অভিযোগ তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান তাঁর বক্তব্য তুলে ধরেন।






















