সিলেটে বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৫৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 91
সিলেট নগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও তাঁদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগর মিতালির ১১১ নম্বর বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ওই বাসার বাসিন্দা ব্যবসায়ী আবদুস সত্তার মিয়া (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৫) এবং তাঁদের ২৫ বছর বয়সী গৃহপরিচারিকা। আবদুস সত্তার মিয়া সিলেট চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন।
স্বজনেরা জানান, নিহত দম্পতির চার সন্তানের মধ্যে দুজন লন্ডনে এবং দুজন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তাঁরা রায়নগরের বাসায় গৃহপরিচারিকাকে নিয়ে থাকতেন।
নিহত দম্পতির ভাগনে মুন্না মিয়া বলেন, ‘রায়নগরের বাসায় মা-মামি একাই থাকতেন। তাঁদের সঙ্গে একজন কাজের মেয়ে থাকত।’
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশের সদস্যরা কাজ করছেন। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
ঘটনার কারণ ও মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

























