ডোনেগালে আইরিশ বাংলা অ্যাসোসিয়েশনের পিকনিকে প্রবাসী বাঙালিদের মিলনমেলা
- আপডেট সময় : ১২:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / 149
গত ১২ আগস্ট ২০২৫ তারিখে “আইরিশ বাংলা অ্যাসোসিয়েশন অফ ডোনেগাল” এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আনন্দঘন পিকনিক। প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজনে হাসি, আনন্দ আর সৌহার্দ্যের মিলন ঘটে।
অর্ধশতাধিক অংশগ্রহণকারী সকালবেলা বাসযোগে যাত্রা শুরু করেন, গন্তব্য ছিল উত্তর আয়ারল্যান্ডের মনোমুগ্ধকর পর্যটন এলাকা দোয়াগ ফ্যামিন ভিলেজ, মালিন হেড ভিলেজ এবং মালিন হেড বিচ। যাত্রাপথে সবার জন্য ছিল সুস্বাদু স্ন্যাকস, চা ও কফির আয়োজন। দুপুরে পরিবেশন করা হয় মুখরোচক বিরিয়ানি, যা সবার মন জয় করে।

পিকনিকের অন্যতম আকর্ষণ ছিল পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বিনোদনমূলক প্রতিযোগিতা। প্রতিটি ইভেন্ট শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। শিশুদের জন্যও ছিল নানান মজার খেলা, যা তাদের দিনটিকে আরও আনন্দময় করে তোলে। এছাড়া আয়োজন করা হয় র্যাফেল ড্র, যেখানে ছিল নানা ধরনের আকর্ষণীয় ও চমকপ্রদ পুরস্কার।
আইরিশ বাংলা অ্যাসোসিয়েশন অফ ডোনেগালের এই উদ্যোগ কেবল বিনোদনের সুযোগই দেয়নি, বরং প্রবাসী বাঙালিদের মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করেছে। দিন শেষে সবার মুখে ছিল সন্তুষ্টির হাসি, আর স্মৃতিতে জমা হলো এক আনন্দময় দিনের অসংখ্য রঙিন মুহূর্ত।



























