গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন
- আপডেট সময় : ১১:১৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 284
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন সিলেটের গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুল এলাকায় অবস্থিত কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি মিশু দেবনাথ, কলেজের সাবেক সভাপতি ও পরিচালক পুলিন রায়, সাবেক সভাপতি ও পরিচালক খায়রুল হাছানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. নিয়াজ উদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৯৩ সালের ২৪ জুন প্রভাষক হিসেবে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন। পরবর্তীতে ২০১৫ সালের ১ নভেম্বর সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
তিনি ২০২৩ সালের ২ নভেম্বর থেকে ২০২৫ সালের ৫ নভেম্বর পর্যন্ত বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শিক্ষকতার পাশাপাশি মো. নিয়াজ উদ্দীন সাহিত্যচর্চার সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত। তিনি সিলেটের ঐতিহ্যবাহী লিটল ম্যাগাজিন ‘ভাস্কর’-এর সম্পাদনা সহযোগী এবং সিলেট সাহিত্য পরিষদের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াদুবাগ গ্রামের স্থায়ী বাসিন্দা মো. নিয়াজ উদ্দীন বর্তমানে সিলেট নগরীর শাহজালাল উপশহরে বসবাস করছেন। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুহৃদ, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।












