জুড়ী ক্রিকেটাঙ্গনের জীবন্ত কিংবদন্তি
ভোগতেরা দুর্বার তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মান্নান
- আপডেট সময় : ১০:২৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / 207
জুড়ী উপজেলার ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের নাম আব্দুল মান্নান। ভোগতেরা দুর্বার তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও দীর্ঘদিনের ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে তিনি শুধু মাঠের খেলায় নয়, সংগঠন গঠনে ও খেলোয়াড় তৈরিতে রেখে গেছেন অবিস্মরণীয় অবদান।
ক্রিকেটের প্রতি তাঁর অগাধ ভালোবাসা, কৌশলগত জ্ঞান ও দূরদর্শী নেতৃত্বে ভোগতেরা দুর্বার তরুণ সংঘ প্রায় প্রতিটি উপজেলা পর্যায়ের টুর্নামেন্টে গৌরবের সাথে অংশগ্রহণ করেছে এবং বহুবার শিরোপা জয় করেছে। অধিনায়ক হিসেবে তিনি ছিলেন দলকে ঐক্যবদ্ধ রাখার মূল চালিকা শক্তি, আর খেলোয়াড় হিসেবে ছিলেন একাধারে নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও চতুর লেগ স্পিনার।
তাঁর হাত ধরে ভোগতেরা থেকে উঠে এসেছে অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার, যারা বর্তমানে বিভিন্ন পর্যায়ে সাফল্যের সাথে দলকে প্রতিনিধিত্ব করছে। শৈশব ও কৈশোরে অনেক তরুণের ক্রিকেটে অনুপ্রেরণা শুরু হয়েছিল তাঁর খেলা দেখে।
বর্তমানে আব্দুল মান্নান মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। শিক্ষার্থীদের কাছে তিনি যেমন একজন প্রিয় শিক্ষক, তেমনি সবার কাছে সম্মান, ভালোবাসা ও অনুপ্রেরণার প্রতীক।
ভোগতেরা দুর্বার তরুণ সংঘের বর্তমান ও সাবেক সদস্যরা জানান, আব্দুল মান্নান শুধু একজন ক্রীড়াবিদ নন—তিনি এক পথপ্রদর্শক, যিনি ক্রীড়ার মাধ্যমে ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলেছেন। তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন।
























