২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ
- আপডেট সময় : ১০:৪৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 15
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হবে এই পরীক্ষা। চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার নতুন সময়সূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তে পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।
গত মে মাসে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিলেন। তবে পরবর্তী বৈঠকে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে মার্চে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, পরীক্ষার সময় আর পেছানোর সুযোগ নেই। নির্ধারিত সময় অনুযায়ীই এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, প্রথমে জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও সার্বিক বিষয় বিবেচনা করে নতুন করে ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






















