জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে: নাহিদ ইসলাম
- আপডেট সময় : ১১:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 58
জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্যারিসের দশম অ্যারোন্ডিসমেন্টের একটি হোটেলে এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার উদ্যোগে আয়োজিত ‘রিমেম্বারিং জুলাই হিরোজ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘প্রবাসীরা বিপুল সংখ্যায় ১১-দলীয় জোটকে ভোট দেওয়ায় বিএনপি সরকার প্রবাসীদের ভয় পাচ্ছে। আমরা জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকারের দাবি করছি।’ সম্প্রতি বিএনপির সদ্য বিদায়ী মহাসচিবের রংপুর বিভাগ নিয়ে দেওয়া বক্তব্যেও এর প্রতিফলন দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জাতি পুনর্গঠনের লক্ষ্য এখনো অর্জিত হয়নি। জুলাইয়ে দেশের মানুষ বড় স্বপ্ন দেখেছিল। শুধু সরকার পরিবর্তনই তাদের উদ্দেশ্য ছিল না। রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না।
নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান বিএনপি সরকার গণভোটের রায় অস্বীকার করেছে। এর ফলে তাদের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে।’ একই সঙ্গে অর্থনীতিকে ফ্যাসিবাদী আমলের ধারাবাহিকতায় আবারও কিছু ব্যক্তি ও গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য তাওহিদা বেগম। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সদস্যসচিব কাউসার আহমেদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর এবং এনসিপি গ্লোবাল ডায়াসপোরা অ্যালায়েন্সের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আলাউদ্দিন মোহাম্মদ।
জুলাই আন্দোলনের শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সাবন্তি এবং গুম ও আয়নাঘরের ভুক্তভোগী মসরুর আনোয়ার চৌধুরী সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে জুলাইয়ের অসমাপ্ত বিপ্লব জনতা সম্পন্ন করতে বাধ্য হবে।
সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, ‘আমরা এক কোটি প্রবাসী বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি। দেশমাতৃকার প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। জুলাই আমাদের দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা দেয়।’
অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের মধ্যে এনসিপি ফ্রান্স শাখার সদস্য ডা. মাজহারুল তালুকদার, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ইমাদ উদ্দিন, সাকিব হোসেন ইবন, ব্যবসায়ী শহিদুল ইসলাম, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, ওয়াদুদ তানভীর, আবু হুরাইরা, আবদুল্লাহ আফ্রিদ ও ইকরামুল কবির সালমানসহ অনেকে উপস্থিত ছিলেন।


























