লন্ডনে বড়লেখা ফাউন্ডেশন ইউকের চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট
- আপডেট সময় : ১১:০০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 83
যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখাবাসীদের সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকের আয়োজনে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ জমজমাট প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হয়েছে। ব্যাডমিন্টনের কোর্টে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পাশাপাশি এ আয়োজন পরিণত হয় প্রবাসী বড়লেখাবাসীদের প্রাণের মিলনমেলায়।
রোববার (৯ আগস্ট) লন্ডনের রেডব্রিজ স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত টুর্নামেন্টে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অর্ধশতাধিক দল অংশ নেয়। সকাল থেকে কোর্টে শুরু হয় একের পর এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। দৃষ্টিনন্দন শট, দুর্দান্ত স্ম্যাশ আর শেষ মুহূর্তের রোমাঞ্চে প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা। খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করতে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
ফাইনালে দারুণ নৈপুণ্য দেখিয়ে লুটনের নাজ রহমান ও সামি জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। লন্ডনের মাহবুব খান ও আলিম জুটি হয় রানারআপ। সোহেল ও মাসুম জুটি তৃতীয় এবং ফরহাদ ও ডিনেশ জুটি চতুর্থ স্থান অর্জন করে।

টুর্নামেন্ট শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রধান উপদেষ্টা আতা রহমানের পরিচালনায় বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ প্রাইজমানি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর হাবিবুর রহমান, ব্যারিস্টার খালেদ নূর, মারুফ আহমেদ এবং লন্ডন স্পোর্টিফের ট্রেজারার আতিকুর রহমান।
এ সময় বড়লেখা ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান জামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান শাহিন ইকবাল, সভাপতি ফয়ছল রহমান, সাধারণ সম্পাদক এম নজমুল ইসলাম, কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম বাবলু, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম নজু, সহসভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম, প্রযুক্তি ও শিক্ষা বিষয়ক সম্পাদক শাহেদ উদ্দিন এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আকবর হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শুধু প্রতিযোগিতা নয়, প্রবাসী বড়লেখাবাসীদের মধ্যে যোগাযোগ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
বড়লেখা ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক এম নজমুল ইসলাম বলেন, “এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখাবাসীদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার একটি সুন্দর উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে আমরা যেমন প্রবাসী নতুন প্রজন্মকে ঐক্য ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে চাই, তেমনি আমাদের শেকড়ের সঙ্গেও তাদের সম্পর্ক আরও গভীর করতে চাই। ভবিষ্যতে বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আরও বৃহৎ পরিসরে ক্রীড়া, শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম আয়োজন করা হবে। টুর্নামেন্ট সফল করতে যাঁরা সময়, শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন- সব খেলোয়াড়, দর্শক, স্পন্সর, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
উল্লেখ্য প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বড়লেখা উপজেলার শিক্ষা, মানবকল্যাণ, আর্থ-সামাজিক উন্নয়ন ও বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ডে অবদান রেখে আসছে।


























