বড়লেখায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক সভা
- আপডেট সময় : ০৫:৫৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 147
মৌলভীবাজারের বড়লেখায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম জোরদারে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ‘সুপার ফাইভ’ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে রুমানা ফেরদৌসকে সমর্থন জানিয়েছেন দলের নেতারা।
মঙ্গলবার বিকেলে বড়লেখা উপজেলা পরিষদসংলগ্ন গণঅধিকার পরিষদের পৌর কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির খোকনের বাড়িতে আয়োজিত এক সাংগঠনিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বড়লেখা পৌর গণঅধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া। সভা সঞ্চালনা করেন পৌর কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির খোকন।
সভায় নেতারা বলেন, বড়লেখা পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে মাঠপর্যায়ে কার্যক্রম বাড়ানো হবে। মানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে ভূমিকা রাখা, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সহযোগিতা করা এবং এলাকার টেকসই উন্নয়নে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য আব্দুন নুর তালুকদার। তিনি বলেন, “শুধু কমিটি গঠন করলেই সাংগঠনিক শক্তি তৈরি হয় না বরং জনগণের পাশে থেকে তাদের সমস্যা ও অধিকার নিয়ে কাজ করতে হয়। বড়লেখার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য।”
সভায় সিদ্ধান্ত হয়, শিগগিরই বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক সফর শুরু করবেন দলের নেতারা। পাশাপাশি দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ‘সুপার ফাইভ’ কমিটি গঠন করা হবে।
সভায় উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলী আজাদ, সিনিয়র সহসভাপতি মাসুদ পারভেজ জামিল, সহসভাপতি বদরুল আলম ও খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক হাফিজ সুমন, নারী নেত্রী খালেদা বেগম নাজমা, রুশনা বেগম, সামিয়া আক্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বড়লেখা উপজেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে রুমানা ফেরদৌসের প্রতি উপস্থিত নেতারা সম্মতি জানান।























