মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন লোগো ব্যবহারের নির্দেশনা
- আপডেট সময় : ১২:৪২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 88
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের অফিসিয়াল লোগো পরিবর্তন করেছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ অনুযায়ী বোর্ডের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন থেকে সব ধরনের দাপ্তরিক কাজে নতুন লোগো ব্যবহার করতে হবে। তবে আগে থেকে মুদ্রিত কাগজপত্রের মজুত শেষ না হওয়া পর্যন্ত সেগুলো ব্যবহার করা যাবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জারি করা বোর্ডের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ অনুযায়ী প্রতিষ্ঠানের নাম ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড’। কিন্তু এতদিন ব্যবহৃত অফিসিয়াল লোগোতে ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা’ লেখা ছিল। আইন অনুযায়ী বোর্ডের নামের সঙ্গে সামঞ্জস্য রাখতে নতুন লোগো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বোর্ড থেকে জারিকৃত সব ধরনের পত্র, অফিস প্যাড, খাম, নোটশিট, শিক্ষার্থীদের নিবন্ধনপত্র, প্রবেশপত্র, নম্বরপত্র, সনদ, ট্যাবুলেশন শিটসহ সংশ্লিষ্ট সব দাপ্তরিক নথিতে নতুন অফিসিয়াল লোগো ব্যবহার করতে হবে।
তবে ইতোমধ্যে মুদ্রিত কাগজপত্রের মজুত শেষ না হওয়া পর্যন্ত সেগুলো ব্যবহার করা যাবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
এ সিদ্ধান্তের মাধ্যমে বোর্ডের আইনগত নাম ও অফিসিয়াল পরিচয়ের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





















