সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের ফল উৎসব অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 106
বর্ষার সবুজে মোড়া চা-বাগানের নিসর্গ। চারদিকে প্রকৃতির স্নিগ্ধতা, আর তারই মাঝে দেশীয় মৌসুমি ফলের রঙিন সমারোহ। আম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা, কলা- বাংলার ঋতুচক্রের পরিচিত সব ফল যেন এক ছাদের নিচে মিলেছিল ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আনন্দের এক অনন্য আয়োজনে। এমনই প্রাণবন্ত পরিবেশে বৃহস্পতিবার সিলেটের পূর্ব শাহী ঈদগাহ এলাকার দলদলি চা বাগানে অনুষ্ঠিত হয়েছে সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ‘ফল উৎসব-২০২৬’।
প্রকৃতির সান্নিধ্যে দেশীয় ফলের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা এবং রোভার স্কাউটদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এ ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উপদেষ্টা রবীন্দ্রনাথ চৌধুরী (এলটি)। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভারের সহ-সভাপতি এবং সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি ড. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভারের কমিশনার মো. মবশ্বীর আলী (এএলটি), জেলা রোভারের কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার আব্দুল্লাহ আল মামুন এবং দলদলি চা বাগানের ইনচার্জ ও বাংলাদেশ টি গার্ডেন অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী।

উৎসবস্থলে সাজানো নানা রঙের দেশীয় ফল যেন বাংলার প্রকৃতি ও ঋতুর এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। ফলের সুগন্ধ, চা-বাগানের নির্মল বাতাস আর রোভারদের উচ্ছ্বসিত অংশগ্রহণে সৃষ্টি হয় এক আন্তরিক মিলনমেলার আবহ। অতিথি ও রোভার সদস্যরা একসঙ্গে ফল আস্বাদনের পাশাপাশি ভাগ করে নেন হাসি, স্মৃতি ও পারস্পরিক ভালোবাসার মুহূর্ত।
আয়োজকরা বলেন, ফল উৎসব কেবল মৌসুমি ফল উপভোগের আয়োজন নয়, এই আয়োজন প্রকৃতির প্রতি ভালোবাসা, দেশীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং স্কাউটিংয়ের মূল চেতনা- বন্ধুত্ব, সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও গভীরভাবে ধারণ করার একটি উপলক্ষ। প্রকৃতির বুকে এমন মিলনমেলা আগামী দিনেও রোভারদের মধ্যে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে-এমন প্রত্যাশাই সবার।






















