ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি শাকিল, সম্পাদক তাসনিম
- আপডেট সময় : ১০:০৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 163
ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে মো. শাকিল এবং সাধারণ সম্পাদক হিসেবে নুসরাত জাহান তাসনিম নির্বাচিত হয়েছেন।
রোববার (২ আগস্ট) সংগঠনের মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মুনিরা সুলতানা আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে ড. মুনিরা সুলতানা বলেন, তাদের হাত ধরে সংগঠনটি সাংগঠনিক শৃঙ্খলা, আবৃত্তিচর্চা, বাচিক শিল্প এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
এদিকে, সংগঠনটিকে ঘিরে সাম্প্রতিক সময়ে সৃষ্ট সাংগঠনিক জটিলতার প্রেক্ষাপটে তৎকালীন সাধারণ সম্পাদক ওয়ালিজা বিনতে সামস–এর পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চলমান পরিস্থিতির সুষ্ঠু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার স্থগিতাদেশ বহাল থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বর্তমান সভাপতি মো. শাহ সুফি ওয়াছি মিয়া, যিনি ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করে আসছেন, নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি নিষ্ঠা, সততা ও সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নতুন নেতৃত্বও একই মূল্যবোধ ধারণ করে সংগঠনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে আবৃত্তিচর্চা, বাচিক শিল্প, সাহিত্য-সংস্কৃতি এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ড আরও বেগবান হবে। পাশাপাশি দেশের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ইতিবাচক ভূমিকা আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।






















