জুড়ীতে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৯:৩১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 90
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় শুরু হয়েছে দেশব্যাপী ‘৫ কোটি গাছের চারা রোপণ’ কর্মসূচি। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার ৮ নম্বর গোয়ালবাড়ী ইউনিয়নের সোহাগীরপার বটতলা সড়কের দুই পাশে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে পরিবেশগত ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগের মাত্রা দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে ব্যাপক বৃক্ষরোপণই হতে পারে পরিবেশ সুরক্ষার সবচেয়ে কার্যকর উদ্যোগগুলোর একটি। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটি রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেন, দেশব্যাপী পরিচালিত ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি সরকারি উদ্যোগ নয়, এটি পরিবেশ রক্ষায় একটি জাতীয় আন্দোলন। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নেন, তবে অচিরেই বাংলাদেশ আরও সবুজ ও বাসযোগ্য দেশে পরিণত হবে।
তিনি আরও বলেন, শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; লাগানো প্রতিটি গাছকে বাঁচিয়ে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই সামাজিক ও পারিবারিকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যার সংস্কৃতিও গড়ে তুলতে হবে।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। উদ্বোধন শেষে সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকদের আশা, সরকারের ঘোষিত এ কর্মসূচির আওতায় জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে, যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।























