ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
- আপডেট সময় : ০৮:১৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 33
বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সদ্য অনুষ্ঠিত বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান রঞ্জন দেকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলজার আহমদ ফকু, মিজানুর রহমান, ফয়ছল আহমদ এবং বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য ময়নুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সমাজের সম্মিলিত প্রচেষ্টার ওপর। তারা শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অতিথিদের বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দেন অতিথিরা।

অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান রঞ্জন দেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।





















