মৌলভীবাজারে বন্যার্ত ৫০০ পরিবারকে ৫২ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও রান্না করা খাবার
- আপডেট সময় : ০৬:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 62
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে আবারও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বন্যাকবলিত দুর্গম ও জলাবদ্ধ এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ৫২ বিজিবি ব্যাটালিয়ন। দিনব্যাপী বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বন্যাদুর্গত ৫০০ পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার বিভিন্ন বন্যাকবলিত গ্রামে এ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫০০ পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে আরও ৫০০টি পরিবারের হাতে পুষ্টিকর রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়।
বিজিবির বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দিনব্যাপী দুর্গম এলাকায় অবস্থান করে বন্যাকবলিত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করে। দীর্ঘদিন জলাবদ্ধতা ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত অনেক মানুষ এ উদ্যোগে তাৎক্ষণিক উপকার পেয়েছেন। স্থানীয় বাসিন্দারা বিজিবির এ মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় বলে অভিহিত করেছেন।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, ‘টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিকতা নিয়ে কাজ করছে। সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি আমরা উদ্ধার অভিযান, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বন্যার পানি পুরোপুরি নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
সহায়তা কার্যক্রম চলাকালে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে বিজিবি কেবল সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবেই নয়, বরং বিপদে মানুষের নির্ভরতার প্রতীক হিসেবেও পাশে দাঁড়িয়েছে। তাঁদের মতে, বিজিবির এই মানবিক উদ্যোগ সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।























