জুড়ীতে নারী সদস্যকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি
- আপডেট সময় : ০৮:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / 91
সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি জুড়ী উপজেলা শাখা।
সংগঠনটির এক অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়, গত ৪ জুন (বৃহস্পতিবার) জাতীয় ছাত্রশক্তি জুড়ী উপজেলা শাখার ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে কিছু ব্যক্তি সংগঠনের এক নারী সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। বিবৃতিতে বলা হয়, এ ধরনের মন্তব্য শুধু একজন নারীর ব্যক্তিগত সম্মান ও মর্যাদার ওপর আঘাত নয়, বরং একটি সুস্থ ও সভ্য সমাজব্যবস্থার পরিপন্থী। সংগঠনটি এসব কর্মকাণ্ডকে অসত্য, অন্যায় এবং সাইবার বুলিং হিসেবে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

জাতীয় ছাত্রশক্তি জুড়ী উপজেলা শাখা আরও জানায়, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই একজন নারীর সম্মানহানি বা ব্যক্তিগত আক্রমণ গ্রহণযোগ্য হতে পারে না। যারা এ ধরনের অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংগঠনটি প্রস্তুতি নিচ্ছে।
এছাড়া বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়েছে বলে উল্লেখ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হলে ভবিষ্যতে এ ধরনের সাইবার হয়রানি ও নারীর প্রতি সহিংস আচরণ রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।
জাতীয় ছাত্রশক্তি জুড়ী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজ ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নারীর মর্যাদা রক্ষা এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।


























