প্রশাসনের কঠোর পদক্ষেপ, স্বস্তি এলাকাবাসীর
জুড়ীতে সরকারি জমি উদ্ধার অভিযানে চারতলা ভবন উচ্ছেদ
- আপডেট সময় : ০৬:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 150
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মিত একটি চারতলা ভবন উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে পরিচালিত এ অভিযানে প্রশাসনের দৃঢ় অবস্থান ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার একটি গুরুত্বপূর্ণ সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। মৃত হিলাড়ী মিয়ার নামে রেকর্ডভুক্ত ওই জমিতে অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সংশ্লিষ্ট দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা নির্ধারিত সময়ের মধ্যে জমি স্বেচ্ছায় ছেড়ে দেয়নি। ফলে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার সকালে জেলা প্রশাসনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উচ্ছেদ কাজ শুরু করেন। ভারী যন্ত্রপাতির সহায়তায় ভবনটি অপসারণ করা হয়। পুরো অভিযানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রশাসন নিশ্চিত করেছে।
অভিযান শেষে দখলমুক্ত সরকারি জমি প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ আইন অমান্য করে সরকারি জমি দখল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উচ্ছেদ অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে জমিটি দখলে থাকায় সাধারণ মানুষ নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। প্রশাসনের এ পদক্ষেপে জনস্বার্থ সুরক্ষিত হবে এবং এলাকায় শৃঙ্খলা ফিরবে বলে তারা আশাবাদী।

























