ওসমান হাদির মৃত্যুতে বড়লেখায় জামায়াতের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৭:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 191
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে মৌলভীবাজারের বড়লেখায় তাৎক্ষণিক শোক মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা পৌরসভা শাখা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে এই শোক মিছিলের আয়োজন করা হয়।
এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের নানা স্লোগান দিতে দেখা যায়। প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারও চান তারা।
এর আগে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেলের নিউরো টিমের সদস্য হাদির চিকিৎসক ডা. আব্দুল আহাদ। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো সার্জিক্যাল টিম তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে। বাংলাদেশ সময় সাড়ে নয়টার দিকে হাদি মারা যান বলেও জানান তিনি।
ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেইজে মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়। বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।
মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌরসভা শাখার সভাপতি জুবের আহমদের নেতৃত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ, জামায়াতের ইসলামীর পৌরসভা ২ নং ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান শামীম, ৬ নং ওয়ার্ড সভাপতি জুনেদ আহমদ, ৯ নং ওয়ার্ড সভাপতি কবির আহমদ, জামায়াত নেতা আবু হাসান, জাবের আহমদ বাদশা, রুহুল আমিন, কলেজ শিবিরের সভাপতি সাব্বির আহমদ, শহর শাখার সাথী রুবেল আহমদ প্রমুখ।


























