জুড়ীতে বিজিবির অভিযানে ১ কোটি টাকার পণ্য জব্দ, আটক ১
- আপডেট সময় : ০৬:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 65
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বাংলাদেশি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত একজনকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ১০ কিলোমিটার এবং জুড়ী বিওপি থেকে ১.৫ কিলোমিটার পশ্চিমে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের তেতুলতলা নামক স্থানে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশিকালে ট্রাকটির ওপরের অংশে বাংলাদেশি চাল এবং চালের নিচে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। ট্রাকচালকের কাছে উক্ত মালামালের কোনো বৈধ আমদানি বা পরিবহনসংক্রান্ত কাগজপত্র না থাকায় বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে আসামিসহ ট্রাক ও মালামাল জব্দ করে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—
ভারতীয় জিরা: ১৩৫ বস্তা, মোট ওজন ৪,০৫০ কেজি; আনুমানিক সিজার মূল্য ৬০,৭৫,০০০ টাকা।
বাংলাদেশি চাল: ১০৫ বস্তা, মোট ওজন ৫,২৫০ কেজি; আনুমানিক সিজার মূল্য ৪,২০,০০০ টাকা।
ট্রাক: ১টি; আনুমানিক সিজার মূল্য ৫০,০০,০০০ টাকা।
মোবাইল ফোন: ১টি (ভিভো Y12s); আনুমানিক মূল্য ২০,০০০ টাকা।
সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১,১৫,১৫,০০০ টাকা (এক কোটি পনেরো লক্ষ পনেরো হাজার টাকা)।
এ ঘটনায় আটককৃত ব্যক্তি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের বাসিন্দা দুদু মিয়ার ছেলে মো. ফরহাদ উদ্দিন (২৫)।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

























