জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলায় পশুপাখি ও প্রযুক্তির সমাবেশ
প্রাণিসম্পদে স্বনির্ভরতার পথে জুড়ী
- আপডেট সময় : ১১:৫৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 92
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ মেলা স্থানীয় খামার খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ মেলায় পশুপাখি, দুগ্ধজাত পণ্য ও আধুনিক খামার প্রযুক্তির বিস্তৃত প্রদর্শনীতে অংশ নেয় বিভিন্ন শ্রেণির মানুষ।
মেলায় মোট ২৬টি স্টলে প্রদর্শিত হয় নানা জাতের পাখি, কবুতর, মুরগি, খামারজাত বিড়ালসহ উন্নত মানের গরু, ছাগল ও ভেড়া। পাশাপাশি ছিল দুধ-ডিমসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্যের প্রদর্শনী এবং খামার পরিচালনায় ব্যবহৃত প্রক্রিয়াজাত খাদ্য প্রস্তুত মেশিন, খাওয়ানোর উপকরণ ও গবাদিপশু মোটাতাজাকরণ মেডিসিন। দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল গরু-ছাগল প্রদর্শনী এবং পশুর খাদ্য ও স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতা বুথ।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৃদুল কান্তি দে। উদ্বোধনী বক্তব্যে বক্তারা জানান, আধুনিক প্রযুক্তি এবং সঠিক ব্যবস্থাপনা প্রাণিসম্পদ উৎপাদন ও খামারভিত্তিক অর্থনীতিকে আরও এগিয়ে নেবে। এ ধরনের আয়োজন নতুন উদ্যোক্তা তৈরি করতে এবং বর্তমান খামারিদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন তারা।
প্রদর্শনীতে দেশি ও বিদেশি গরুসহ অধিক দুধ উৎপাদনকারী গাভী, উন্নত জাতের ছাগল-ভেড়া, রঙিন পায়রা, উন্নত পোলট্রি জাতের মুরগি এবং নানা খামারপণ্য স্থান পায়। বিভিন্ন স্টলে খামারিদের জন্য দেওয়া হয় রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা, বাজারিকরণ ও পুষ্টি নিয়ে হাতে-কলমে নির্দেশনা। বিশেষ করে তরুণ খামারি ও নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন উদ্যোক্তা, খামারি এবং অংশগ্রহণকারী স্টলগুলোর প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সনদপত্র (সার্টিফিকেট) তুলে দেওয়া হয়। এতে মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে এবং ভবিষ্যত খামার উন্নয়নে আরও আগ্রহ সৃষ্টি হয়।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মূল বার্তা- “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি” ধারণ করে আয়োজিত এ মেলা জুড়ীতে প্রাণিসম্পদ খাতকে আরও গতিশীল করেছে। স্থানীয় অভিমত- নিয়মিত এমন আয়োজন হলে দুধ-ডিম উৎপাদন বৃদ্ধি, পশুপালন সম্প্রসারণ এবং কর্মসংস্থান তৈরিতে জুড়ী উপজেলা আরও এগিয়ে যাবে। গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী ও স্বনির্ভর করতে প্রাণিসম্পদ মেলা ২০২৫ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন আয়োজক ও খামারি প্রতিনিধিরা।
























