আত্মশুদ্ধির মাধ্যমে সমাজে দ্বীনের আলো ছড়িয়ে দিতে হবে- সাইফুল্লাহ বিন নামর
জুড়ী মানবিক সোসাইটির উদ্যোগে ছাদিছ জামাতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপডেট সময় : ০৪:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 142
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার অন্যতম সামাজিক সংগঠন “জুড়ী মানবিক সোসাইটি” এর উদ্যোগে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে সর্বোচ্চ সনদ ছাদিছ জামাতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় জুড়ী মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সদস্য সহিদুর রহমান পাবেল। সঞ্চালনা করেন এম এ সামাদ পারভেজ। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন নাহিদ আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর সাবেক সাধারণ সম্পাদক সাইফুল্লাহ বিন নামর।
তিনি বলেন, “মনের মধ্যে দৃঢ় ইচ্ছা থাকলেই সমাজ পরিবর্তন করা সম্ভব। সমাজ পরিবর্তনের মহান দায়িত্ব আমাদের নিতে হবে। তবে তার আগে নিজেকে সংশোধন করে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আধুনিকতার ছোঁয়ায় ইসলামী শিক্ষা সংকুচিত হয়ে আসছে, বিশেষ করে মক্তব শিক্ষা হারাতে বসেছে। আমাদেরই এর হাল ধরতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা যেহেতু বিশুদ্ধ কেরাতের সনদ অর্জন করেছি, তাই প্রত্যেকে নিজের ঘরকে একেকটি বিশুদ্ধ কুরআন শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে, যাতে পরিবারের প্রতিটি সদস্য সহীহ শুদ্ধ তেলাওয়াতের শিক্ষা নিতে পারে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মাওলানা আব্দুস শহীদ, কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান সাইফ, ডা. নজরুল ইসলাম নয়ন, ফয়জুর রহমান, এম কামরুল ইসলাম, এমরান হোসেন, লুৎফুর রহমান শাহান, জামিল উদ্দিন, শাহাব উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন শাহাপুর যুবকল্যাণ পরিষদের সভাপতি মেহেদী হাসান ইমন, সোসাইটির সদস্য আতাউর রহমান সুজন, মোস্তাফিজুর রহমান, তোফাজ্জল হোসেন, তানভীর আহমদ মাহিন, আব্দুল্লাহ ইউসুফ সুইট, তাহমিদুল ইসলাম, শুভাকাঙ্ক্ষী রেদওয়ানুল হক আরিফ, রাকিব আহমদ প্রমুখ।
পরিশেষে দেশ ও প্রবাসে অবস্থানরত সোসাইটির সদস্য, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্ত হয়।
























