জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল
- আপডেট সময় : ১২:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 122
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার সোসাইটির (জুয়াস) ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোক-প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ইমদাদুল হক পারভেজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইন্দ্রনীল দাস।
শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে আনোয়ার, নারী সহ-সভাপতি হিসেবে তানজিম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অনিন্দিতা ও মুরসালিন, কোষাধ্যক্ষ হিসেবে জয়েতা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রিন্স দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ইমদাদুল হক পারভেজ বলেন, আগামী এক বছরে জুয়াসকে শুধু ভ্রমণনির্ভর সংগঠন হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের অ্যাডভেঞ্চার, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “শুধু ট্যুর আয়োজন নয়, শিক্ষার্থীদের প্রয়োজন ও আগ্রহের ভিত্তিতে সাইক্লিং, সাঁতারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য এসব কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও জানান, প্রতি মাসে অন্তত একটি করে ভ্রমণ আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির। পাশাপাশি নারী সদস্যদের নেতৃত্বে ও অংশগ্রহণে আলাদা ট্যুর আয়োজনের উদ্যোগও এগিয়ে নেওয়া হবে।
জুয়াসের অন্যতম আকর্ষণীয় আয়োজন ‘অ্যাডভেঞ্চার ফেস্ট’-এর তৃতীয় আসর আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন নতুন সভাপতি। তিনি বলেন, এবারের আয়োজনে ম্যারাথন, বিভিন্ন ধরনের গেমস, অ্যাডভেঞ্চারভিত্তিক প্রতিযোগিতা, ট্রেজার হান্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো নানা আয়োজন রাখা হবে। শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ বিবেচনায় নিয়ে ফেস্টিভ্যালটিকে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নতুন কমিটি জুয়াসের কার্যক্রমকে আরও বিস্তৃত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অ্যাডভেঞ্চার, ক্রীড়া ও দক্ষতা উন্নয়নের সংস্কৃতি গড়ে তুলতে কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।















