বন্যপ্রাণী শিকার ও পোষা থেকে বিরত থাকার আহ্বান
রেমা-কালেঙ্গায় ফিরল উদ্ধার হওয়া দুই ময়না
- আপডেট সময় : ১০:২৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 77
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বনে উদ্ধার হওয়া দুটি ময়না পাখি এক মাস পরিচর্যার পর প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেছে বন বিভাগ।
১ জুলাই (বুধবার) বিকেলে রেমা-কালেঙ্গা বনে পাখি দুটি অবমুক্ত করা হয়।
কালেঙ্গা বনবিট কর্মকর্তা আব্দুল্লাহ আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় এক মাস আগে কালেঙ্গা বনবিটের কাঠালবাড়ী এলাকার একটি বাড়ি থেকে ময়না পাখির দুটি বাচ্চা উদ্ধার করা হয়। পরে বন বিভাগের নিবিড় পরিচর্যায় বড় হয়ে উড়তে সক্ষম হলে সেগুলোকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়।
রেমা-কালেঙ্গা বনের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন বলেন, বন্যপ্রাণী ধরে বিক্রি করা বা ঘরে পোষা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চুনারুঘাট বন্যপ্রাণী জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জাহির মিয়া বলেন, ময়না পাখিকে বনে অবমুক্ত করার আগে তার স্বাভাবিক খাদ্যাভ্যাস ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া জরুরি। দীর্ঘদিন খাঁচায় থাকলে তারা মানুষের শেখানো বুলি রপ্ত করলেও বনের স্বাভাবিক আচরণ কিছুটা হারিয়ে ফেলে। যথাযথ পুনর্বাসনের মাধ্যমে অবমুক্ত করলে তারা সহজেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, বন্যপ্রাণী ধরে বন্দি করে পালন, বিক্রি বা পাচার করা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এসব অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণে বাধা সৃষ্টি করলেও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

























