সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর উদ্যোগ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ০২:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 30
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি শহীদ সাংবাদিকের স্মৃতিকে সম্মান জানাতে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেট নগরের ৩২ নম্বর ওয়ার্ডের সুন্দরবন আবাসিক এলাকার প্রধান সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল বলেন, “শহীদ সাংবাদিক এটিএম তুরাব আমাদের সহকর্মী। সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি জীবন উৎসর্গ করেছেন। মহান আল্লাহ তাঁর শাহাদাত কবুল করুন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমাদের একমাত্র চাওয়া—তুরাবের পরকালীন জীবন শান্তিময় হোক।”
তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে শহীদ তুরাবের নামকে অনেকেই আত্মপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা কোনো আত্মপ্রচার চাই না; আমরা চাই শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত হোক।”
বক্তারা বলেন, সাংবাদিক এটিএম তুরাব ছিলেন একজন সাহসী, নিষ্ঠাবান ও পেশাদার সংবাদকর্মী। সত্য তুলে ধরার দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর আত্মত্যাগ দেশের সাংবাদিক সমাজে গভীর শোক ও বেদনার জন্ম দিয়েছে। তাঁর আদর্শ, সাহস ও পেশাগত নিষ্ঠা আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ জাবুর।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব ও দৈনিক ইনকিলাব-এর সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমিন, দৈনিক নয়া দিগন্ত-এর সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, দ্য নিউ নেশন-এর ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, দৈনিক দেশবার্তা নিউজ-এর সিলেট ব্যুরো প্রধান ও সিলেট বাণী-এর চিফ রিপোর্টার কাওছার আহমদ, দৈনিক কাজির বাজার-এর সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ, টাইমস সিলেট ডটকম-এর সম্পাদক সাহেদ আহমদ, দৈনিক নয়া দিগন্ত-এর ফটোগ্রাফার জয়নাল আবেদিন আজাদ, দৈনিক সবুজ সিলেট-এর স্টাফ রিপোর্টার বদরুর রহমান বাবর এবং সাংবাদিক আতাউর রহমানসহ সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠান শেষে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।























