লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিএনসিসির বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ১০:৫৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 41
সবুজে সাজুক ক্যাম্পাস, সমৃদ্ধ হোক আগামী-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে সম্প্রতি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৭ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্ট এবং লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলদ, ঔষধি, শোভাবর্ধনকারী ফুলের গাছ এবং কাঠজাতীয় বৃক্ষসহ নানা ধরনের গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, “একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ার প্রতিশ্রুতি বহন করে। আজকের একটি চারা আগামী দিনের একটি সবুজ পৃথিবীর ভিত্তি।”
তিনি আরও বলেন, লিডিং ইউনিভার্সিটিতে প্রতিবছর নিয়মিতভাবে বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। এসব উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসটি ধীরে ধীরে প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি শিক্ষাবান্ধব পরিবেশে পরিণত হচ্ছে।
উপাচার্য বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন এবং সবুজ ক্যাম্পাস ও সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন লিডিং ইউনিভার্সিটির প্রফেসর আন্ডার অফিসার (PUO) নাঈম আহসান চৌধুরী, বিএনসিসি প্লাটুনের সামরিক প্রশিক্ষক কর্পোরাল মুন্না এবং ১৩ জন বিএনসিসি ক্যাডেট।























