বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নিখোঁজ, সকালে জঙ্গলে মিলল রক্তাক্ত লাশ
- আপডেট সময় : ১১:৪৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 109
মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে আব্দুল হক (৬৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
স্বজন ও পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ বাড়ির পাশের জঙ্গলে ফেলে রেখে গেছে। নিহত আব্দুল হক পূর্ব শংকরপুর গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে। তিনি দাসেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ওই ওয়ার্ড থেকে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে নির্বাচনে তিনি পরাজিত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল হক। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
শনিবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি জঙ্গলে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় তাঁর ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।
নিহতের চাচাতো ভাই মাসুক উদ্দিন ষাটমাকন্ঠকে বলেন, শুক্রবার দুপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে আব্দুল হক বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর তিনি ফেরেননি। তাঁদের জানা মতে, তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তিনি সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। কে বা কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান তিনি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, নিহতের ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার পর লাশ জঙ্গলে ফেলে রাখা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।















