কুলাউড়া রেলওয়ে জংশনে বিনামূল্যে আল্ট্রাসাউন্ড, স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ
কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা
- আপডেট সময় : ০৭:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 76
মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে চার শতাধিক গর্ভবতী মায়ের জন্য অনুষ্ঠিত হয়েছে সম্পূর্ণ বিনামূল্যের আল্ট্রাসাউন্ড ও মেডিকেল ক্যাম্প ‘মা এক্সপ্রেস’। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ (মেটারনাল এইড এসোসিয়েশন)-এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে সহযোগিতা করে স্থানীয় সংগঠন স্রোত সাহিত্য পর্ষদ।
ক্যাম্পে গর্ভবতী মায়েদের বিনামূল্যে আল্ট্রাসাউন্ড পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, মূত্র পরীক্ষা, অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি গর্ভকালীন ও প্রসব-পরবর্তী স্বাস্থ্যসেবা বিষয়ে মায়েদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে আয়রন, জিংক, ক্যালসিয়ামসহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
দিনব্যাপী এ ক্যাম্পে কুলাউড়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে গর্ভবতী মায়েরা চিকিৎসাসেবা নিতে আসেন। প্রায় চার শতাধিক মা স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন।

মা এক্সপ্রেসের সিলেট ডিভিশন প্রধান ডা. ফয়জুল হাসান চৌধুরী বলেন, “কুলাউড়ায় মাতৃসেবার এ উদ্যোগটি ব্যাপক সাড়া পেয়েছে। এটি আমাদের একটি পাইলটিং ক্যাম্পেইন। আগামীতে আরও বড় পরিসরে কুলাউড়াসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম চালু রাখার চেষ্টা থাকবে।”
মা এক্সপ্রেসের কুলাউড়া সমন্বয়ক সিপার আহমেদ বলেন, “মা এক্সপ্রেস শুধু একটি মেডিকেল ক্যাম্প নয়, এটি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার একটি মানবিক উদ্যোগ। প্রত্যন্ত এলাকার অনেক মা প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাদের কাছে বিনামূল্যে এই সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “কুলাউড়ার মানুষের আন্তরিক সহযোগিতা আমাদের উৎসাহিত করেছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমন বলেন, “গর্ভবতী মায়েদের পাশে দাঁড়ানোর মতো একটি মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাও আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে আমরা সহযোগিতা করতে চাই।”
উল্লেখ্য, ‘মা’ (মেটারনাল এইড এসোসিয়েশন) যুক্তরাজ্য নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানকে স্থানীয়ভাবে একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন এলাকাবাসী।
















