শরীফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা আবুল হোসেন
- আপডেট সময় : ১০:২০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / 19
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন ছাত্রদল নেতা ও সমাজকর্মী মো. আবুল হোসেন।
দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা আবুল হোসেন বর্তমানে সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলা ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবা, শিক্ষা বিস্তার এবং অসহায় মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি। শরীফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নীরবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে স্থানীয়দের মধ্যে তিনি জনবান্ধব ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগত প্রয়োজনে কিংবা যেকোনো বিপদ-আপদে মানুষ তার কাছে গেলে তিনি সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সীমান্তবর্তী এ ইউনিয়নের মানুষের পাশে নিয়মিত দাঁড়ানোর কারণে এলাকায় তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানান অনেকে।
চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আবুল হোসেন। বিশেষ করে বেহাল সড়ক সংস্কার, নদী রক্ষা বাঁধের সমস্যা নিরসন এবং জনদুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে তিনি বলেন, “যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এলাকার মুরব্বি, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবক ও যুবসমাজকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।”
তিনি শরীফপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।























