ইতালি প্রবাসী ফখরুল ইসলামের মরদেহ দেশে ফেরাতে উদ্যোগ, পরিবারের পাশে দাঁড়ালেন নুরুল হক নুর
- আপডেট সময় : ০৯:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 145
ইতালিপ্রবাসী ফখরুল ইসলামের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তাঁর পক্ষ থেকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুন নুর তালুকদার ১৪ আগস্ট সন্ধ্যায় বড়লেখায় ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বড়লেখার বাসিন্দা ফখরুল ইসলাম বাংলাদেশে আসার পথে বিমান উড্ডয়নের পর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তুরস্ক এয়ারলাইন্সের ফ্লাইটটি জরুরি অবতরণ করে জর্জিয়ায়। সেখানে একটি হাসপাতালে ভর্তি করার পর প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ পর্যন্ত গত ১৫ জুলাই জর্জিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ফখরুল ইসলামের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা চাওয়া হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আব্দুন নুর তালুকদার ১৬ জুলাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও সচিব বরাবর মন্ত্রণালয়ের নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় আবেদন জমা দেন।
১৪ আগস্ট সন্ধ্যায় ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁর অভিভাবক মো. লাল মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন আব্দুন নুর তালুকদার। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মনোনীত বড়লেখা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী রুমানা ফেরদৌস এবং উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত।















