৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ
- আপডেট সময় : ০৩:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 89
মৌলভীবাজারের কুলাউড়ায় দৈনিক ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও গণবিক্ষোভ করেছেন দিলদারপুর চা-বাগানের শ্রমিকেরা। শনিবার (৮ আগস্ট) সকালে প্রায় দুই ঘণ্টা কাজে যোগ না দিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
এতে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক চা-শ্রমিক, ছাত্র ও যুবক অংশ নেন। এ সময় শ্রমিকেরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন।
বাগান পঞ্চায়েতের এডহক কমিটির সভাপতি সিতারাম কলের সভাপতিত্বে এবং বিকাশ পালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংস্কার কমিটির সদস্যসচিব জনক লাল দেশোয়ারা জনি, যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ, চা শ্রমিক নারী ফোরামের নেত্রী গীতা রাণী কানু, বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি বিকাশ চাষা, ক্লিবডন চা-বাগানের শ্রমিক নেতা অজিত গোয়ালা এবং দিলদারপুর চা-বাগানের শ্রমিক পঞ্চমী ভূমিজ, পূরবী রায় ও পপি রিখিয়াপন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের চা শিল্প ও জাতীয় অর্থনীতিতে চা-শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরিতে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। জাতীয় সংসদে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের বিষয়টি আলোচনায় এলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। দ্রুত এ সিদ্ধান্ত কার্যকর করার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও অভিযোগ করেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম ও নির্বাচন প্রক্রিয়ায় শ্রম অধিদপ্তরের অযৌক্তিক হস্তক্ষেপ শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করছে। তাঁরা হস্তক্ষেপমুক্ত পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ইউনিয়ন নির্বাচন আয়োজনের দাবি জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকেরা বলেন, দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেও তাঁরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন তাঁদের প্রধান দাবি। পাশাপাশি সাংগঠনিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
গণবিক্ষোভে ‘দুনিয়ার মজদুর এক হও, এক হও’ এবং ‘বাংলাদেশের চা শ্রমিক ঐক্যবদ্ধ হও’সহ বিভিন্ন স্লোগানে বাগান এলাকা মুখর হয়ে ওঠে। সমাবেশ থেকে দ্রুত দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর ও চা-শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

























