কুলাউড়ায় সরকারি বীজ বিক্রির সময় ২৪ বস্তা জব্দ, বিক্রেতার কারাদণ্ড
- আপডেট সময় : ০৭:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 21
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সরকারি ট্যাগযুক্ত বীজ খোলা বাজারে বিক্রির সময় অভিযান চালিয়ে ২৪ বস্তা বীজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জামাল মিয়া নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার চৌধুরী বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় ডিলার মো. নিজাম মিয়ার মালিকানাধীন নিজাম ট্রেডার্স থেকে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করছিলেন জামাল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে সরকারি নির্দেশনা অমান্য করে সরকারি বীজ অবৈধভাবে বিক্রির দায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ষাটমাকন্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত বীজের উৎস অনুসন্ধানে স্থানীয় ডিলার মো. নিজাম মিয়ার গুদাম পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দ করা ২৪ বস্তা সরকারি বীজ কৃষি সম্প্রসারণ বিভাগের জিম্মায় দিয়ে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, দণ্ডপ্রাপ্ত জামাল মিয়াকে বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হবে।
এ ঘটনায় সরকারি কৃষি উপকরণ অবৈধভাবে বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
























