অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই
- আপডেট সময় : ০৫:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 31
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা ফেরদৌসি শাহরিয়ার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফেরদৌসি শাহরিয়ার ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
সহকর্মীদের কাছে তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন পরোপকারী ও মানবিক গুণাবলির অধিকারী। মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তান, আত্মীয়স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

























