কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগানে উদ্ধার বিশালাকৃতির অজগর
- আপডেট সময় : ১১:১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 32
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা-বাগান থেকে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বন বিভাগের দিকনির্দেশনায় বন্য প্রাণী সংরক্ষণ বিষয়ক সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ)-এর সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চা-বাগানের শ্রমিকেরা বাগানের ভেতরে অজগরটি দেখতে পান। বিষয়টি বন বিভাগকে জানানো হলে তাদের পরামর্শে সিসিএ-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধার অভিযানে ফুলবাড়ি চা-বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমান, সহকারী ব্যবস্থাপক মো. রেজা, টিলা স্টাফ এবং চা-শ্রমিকরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
বন বিভাগ জানিয়েছে, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে বন বিভাগের নির্দেশনা অনুযায়ী শিগগিরই এটিকে কোনো নিরাপদ প্রাকৃতিক বন বা অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।
এদিকে, বন বিভাগের কর্মকর্তারা বনাঞ্চল-সংলগ্ন এলাকার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোথাও বন্য প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটিকে আঘাত না করে দ্রুত স্থানীয় বন বিভাগ কিংবা বন্য প্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করতে হবে। এতে প্রাণী ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।























