শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০৮:০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / 9
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার বাদ এশা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিশ্ববিদ্যালয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উপাচার্য বলেন, মরহুমের ইচ্ছা অনুযায়ী তাঁর ব্যক্তিগতভাবে সংগৃহীত বইগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের জন্য মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হবে।
জানাজার আগে মরহুমের পক্ষে তাঁর ছেলে উপস্থিত সবার কাছে পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন।
জানাজার নামাজে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবন, শিক্ষা ও গবেষণায় অবদান এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
























