সিলেটে হাইড্রোলিক হর্ন ও কাগজপত্রে ত্রুটি: ভ্রাম্যমাণ আদালতে ১১ চালক-মালিককে জরিমানা
- আপডেট সময় : ০১:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 36
সিলেট নগরে উচ্চ শব্দ সৃষ্টিকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১ জন চালক ও মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) র্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরের শাহপরাণ (রহ.) থানা এলাকায় র্যাব-৯ সদর কোম্পানি ও পরিবেশ অধিদপ্তর, সিলেটের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করে কয়েকটিতে অনুমোদিত মাত্রার চেয়ে অধিক শব্দ সৃষ্টিকারী হর্ন এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে কয়েকটি যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রেও অসঙ্গতি ধরা পড়ে।
এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১১ জন চালক ও মালিককে মোট ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
র্যাব-৯ জানায়, জনদুর্ভোগ কমানো, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

























