বিএসএফের গুলিতে নিহত মুজিবের পরিবারকে সরকারি সহায়তা দিলেন এমপি শওকতুল ইসলাম
- আপডেট সময় : ০২:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 43
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত মুজিব আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম। তিনি নিহতের বাড়িতে গিয়ে সরকারের আর্থিক সহায়তা পৌঁছে দেন, পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।
সোমবার (১৯ জুলাই) বিকেলে শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামে মুজিব আলীর বাড়িতে গিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া ৫০ হাজার টাকার অনুদানের চেক নিহতের পরিবারের হাতে তুলে দেন সংসদ সদস্য। একই সঙ্গে কুলাউড়া সরকারি কলেজের সাবেক এজিএস শফি আহমদ দিনারের ব্যক্তিগত অনুদান এবং স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের দেওয়া আর্থিক সহায়তাও নিহতের স্ত্রী ও সন্তানদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সহসভাপতি আলমগীর ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদ নিপার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সাংবাদিক মহি উদ্দিন রিপন, ইব্রাহিম আলী ও ওয়াদুদ আহমদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ জুন সন্ধ্যায় দত্তগ্রাম সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন মুজিব আলী। দুই দিন পর, ১৪ জুন সন্ধ্যায় চাতলাপুর চেকপোস্টে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাঁর মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
ঘটনার পর প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ অধিবেশন চলাকালেই এমপি শওকতুল ইসলাম স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে নিহতের পরিবারের খোঁজখবর নেন। পাশাপাশি সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।






















