সিলেট ইউনাইটেড জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অংশগ্রহণ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৪:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 66
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে নিহত তরুণ সাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ফতেহপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। শহীদ তুরাবের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও দৈনিক প্রভাতবেলা–এর সম্পাদক কবীর আহমদ সোহেলের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সদস্যসচিব ও দৈনিক ইনকিলাব-এর সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমীন, দৈনিক নয়াদিগন্ত–এর স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, দৈনিক সিলেট বাণী-এর চিফ রিপোর্টার কাওছার আহমদ, দৈনিক ভোরের ডাক-এর সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, চ্যানেল টোয়েন্টিফোরের আজহার উদ্দিন শিমুল এবং দৈনিক নয়াদিগন্ত–এর ফটোসাংবাদিক জয়নাল আবেদীন।
এ ছাড়া অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক ও শুভ প্রতিদিন–এর নির্বাহী সম্পাদক ফয়সল আলম, সিলেট ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপস্থিত বক্তারা শহীদ এটিএম তুরাবের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তুরাব হত্যার ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

























