কুলাউড়া সীমান্তে ভারতে ঢোকার চেষ্টায় শিশুসহ ৬ আটক
- আপডেট সময় : ১০:৩৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 75
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় সীমান্ত পারাপারে জড়িত দালালচক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় শিশুকে বাদ দিয়ে পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, বুধবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয় দালালদের সহায়তায় কুলাউড়া উপজেলার ইছাছড়া পুঞ্জি সংলগ্ন ১৮৪১ নম্বর প্রধান সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন ওই ছয়জন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় দালালচক্রের সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়ে।
আটকদের বুধবার রাত ৮টার দিকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। মুরইছড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদী হয়ে শিশুটিকে মামলার বাইরে রেখে বাকি পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম বলেন, বিজিবির দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এলাকায় দালালচক্রের তৎপরতা রোধে নিয়মিত নজরদারি ও সমন্বিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন।


























