কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ
- আপডেট সময় : ০১:৩৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 62
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার অংশ হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর, কালারায়েরচর, ছারিয়াঘাটসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ১৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রথম ধাপে প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি খাদ্য সহায়তা তুলে দেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজু পাল, শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস, ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে দ্রুত খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। আগামীকাল পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়াসহ কয়েকটি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হবে।”
তিনি জানান, বন্যা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের মাঝে আরও সরকারি সহায়তা বিতরণ করা হবে।


























