সিলেটে রোবটিকস ও পিসিবি ডিজাইন নিয়ে দিনব্যাপী কর্মশালা
- আপডেট সময় : ০৭:০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 76
তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘সার্কিট টু রোবট: এ হ্যান্ডস-অন রোবটিকস অ্যান্ড পিসিবি ডিজাইন ওয়ার্কশপ’। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা রোবটিকস ও পিসিবি (PCB) ডিজাইনের মৌলিক ধারণার পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান।
রোববার (৫ জুলাই) লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা, সিলেট এ কর্মশালার আয়োজন করে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রযুক্তিপ্রেমী তরুণ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মশালার স্পন্সর পার্টনার ছিল বেভারলি হিলস কলেজ অব স্কিলস (বিএইচসিএস), লজিস্টিক পার্টনার লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগ, টেকনিক্যাল পার্টনার রোবোনাট বিডি এবং মিডিয়া পার্টনার ষাটমাকণ্ঠ।

উদ্বোধনী পর্বে প্রথম আলো বন্ধুসভা, সিলেটের সভাপতি দেব রায় সৌমেন অতিথিদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং প্রযুক্তি-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন ইলেকট্রনিকস ডিজাইনার ও পিসিবি বিশেষজ্ঞ নিহাল দাস অঙ্কুর এবং রোবটিকস গবেষক ও প্রযুক্তি শিক্ষাবিদ মাজেদুল ইসলাম নাঈম। তাঁরা সার্কিট ডিজাইন, পিসিবি নির্মাণ, ইলেকট্রনিক কম্পোনেন্ট নির্বাচন এবং রোবটিকসের ব্যবহারিক প্রয়োগ নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। অংশগ্রহণকারীরা মেন্টরদের তত্ত্বাবধানে সরাসরি কাজ করার পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ব্যবহারিক প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী করে তুলতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় বক্তব্য দেন বেভারলি হিলস কলেজ অব স্কিলসের প্রতিনিধি, রোবোনাট বিডির প্রতিনিধি, প্রথম আলো বন্ধুসভা, সিলেটের সভাপতি দেব রায় সৌমেন, লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জিহাদুল ইসলাম মনি এবং ইইই বিভাগের বিভাগীয় প্রধান নিয়াজ মোর্শেদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে নিজেদের যোগ্য করে তুলতে পারবে। এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক।
কর্মশালার অংশ হিসেবে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য। একই সঙ্গে স্পন্সর, লজিস্টিক, টেকনিক্যাল ও মিডিয়া পার্টনারের প্রতিনিধিদের এবং দুই মেন্টর নিহাল দাস অঙ্কুর ও মাজেদুল ইসলাম নাঈমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেব রায় সৌমেন ও সুবর্না দেব।
আয়োজকদের ভাষ্য, তরুণদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী সক্ষমতা এবং কর্মমুখী শিক্ষা বিস্তারে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।























