আজ কুলাউড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম
- আপডেট সময় : ০৫:৩০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 28
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা আজ শুক্রবার (২৬ জুন) মৌলভীবাজারের কুলাউড়া সফর করবেন। সফরকালে তারা সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশ, মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানে অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
এনসিপির কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর জানান, কেন্দ্রীয় নেতারা প্রথমে রবিরবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। এরপর বিকেল ৪টায় শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট এলাকায় সম্প্রতি সীমান্তে বাংলাদেশি নাগরিক মুজিবুর রহমান নিহত হওয়ার ঘটনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দেবেন।
এদিকে সন্ধ্যা ৭টায় কুলাউড়া উপজেলা অডিটোরিয়ামে এনসিপির উদ্যোগে মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে মতবিনিময় করবেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের এনসিপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাসির উদ্দীন পাটোয়ারী এবং বিশেষ অতিথি হিসেবে সারজিস আলম উপস্থিত থাকবেন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেবেন।
এনসিপির নেতারা জানিয়েছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়গুলো এ সফরের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।























