সিলেট চেম্বারে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী, ২৬ উদ্যোক্তাকে সনদ প্রদান
- আপডেট সময় : ০২:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 34
এসএমই উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত “এআই ব্যবহারের মাধ্যমে এসএমই ব্যবসায় গতি সঞ্চার” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টায় সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স হলে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিলেট চেম্বারের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক বিশ্বে টিকে থাকতে অনলাইন মার্কেটিংয়ের কোনো বিকল্প নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির যথাযথ ব্যবহার উদ্যোক্তাদের কাজকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করে তুলতে পারে।
তিনি বলেন, এ ধরনের কর্মশালায় মূলত অংশগ্রহণকারীদের প্রাথমিক ধারণা দেওয়া হয়। তাই উদ্যোক্তাদের উচিত ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন উৎস থেকে এআই বিষয়ে আরও গভীর জ্ঞান অর্জন করা। পাশাপাশি ব্যবসায় সফল হতে মানসম্মত পণ্য উৎপাদন এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পণ্যের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারী ২৬ জন এসএমই উদ্যোক্তার মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের নির্বাহী সচিব মো. গোলাম আক্তার ফারুক, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক ও তানজিদ’স স্টুডিওর প্রতিষ্ঠাতা কাজী তানজেদুল এরশাদ, সিলেট চেম্বারের উপ-নির্বাহী সচিব সানু উদ্দিন রুবেল, আজিজুর রহিম খানসহ চেম্বারের অন্যান্য কর্মকর্তারা।
























