দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন
- আপডেট সময় : ০৩:০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 19
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানার্স-আপ হয়েছে দাসেরবাজার উচ্চ বিদ্যালয়।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাথারিয়া ছোটলেখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বে ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ শীর্ষক প্রস্তাবনার পক্ষে যুক্তি উপস্থাপন করে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে, প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নিয়ে অংশগ্রহণকারী দাসেরবাজার উচ্চ বিদ্যালয় রানার্স-আপ হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের দলনেতা নুসরাত জাহান মোহনা।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম মাহবুব। স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষক রিয়াজুল ইসলাম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরবিন্দ রায় পুরকায়স্থের সভাপতিত্বে এবং সুজাউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাথারিয়া ছোটলেখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রব এবং বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ও বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল ইসলাম।
এছাড়া বিচারক হিসেবে দায়িত্ব পালনকারী নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তফা কামাল, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ সিংহ, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরিয়ম জমিলা এবং শিক্ষার্থী অভিভাবক ফয়সল আহমদসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।






















