বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড
- আপডেট সময় : ০৬:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / 36
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোহাম্মদ আলী (৪২) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ জুন) উপজেলার দক্ষিণভাগ ইউনিয়ন (দক্ষিণ) পরিষদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী উপজেলার মাধবগুল এলাকার সুবেদার খলিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকদ্রব্য ক্রয় ও বহনের সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া বলেন, “মাদকের বিস্তার রোধ এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”























