মোহাম্মদনগরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ইউনিফর্ম বিতরণ
- আপডেট সময় : ০৯:৩১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / 46
শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল হাসনাত এবং ফ্রান্স প্রবাসী শিক্ষক ছালেহা আক্তার রুনার সার্বিক সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়।
রবিবার (২১ জুন) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বদরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী আবুল কালাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা মোকাম ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক তারেক হাসনাত, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আয়নুল ইসলাম, সাংবাদিক শাহরিয়ার শাকিল, দেলোয়ার হোসেন, জামাল আহমদসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষীকাবৃন্দ।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ প্রদান শুধু সহায়তা নয় বরং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ প্রেরণা। তারা সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রবাসীদের শিক্ষা খাতে আরও বেশি অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও ইউনিফর্ম তুলে দেওয়া হয়। নতুন ব্যাগ ও ইউনিফর্ম পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ এ মহতী উদ্যোগের জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল হাসনাত এবং ফ্রান্স প্রবাসী শিক্ষক ছালেহা আক্তার রুনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে এমন জনকল্যাণমূলক উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
























